আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে শহরের এস এস রোড, চৌরাস্তা মোড়, ইলিয়ট ব্রিজ, মুজিব সড়ক ও খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর ওসি রাকিবুল হাসান।
এ ঘটনার মধ্যে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিএনপির নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সম্প্রতি সিরাজগঞ্জ শহরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সংগঠনটির ঝটিকা মিছিলের প্রতিবাদে সকালে শহর যুবদলের সহসভাপতি সোহান আহম্মেদ শামীমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের এস এস রোড এলাকা অতিক্রম করার সময় ছাত্রদলের এক নেতা মিছিলে বাধা দেন এবং মিছিলকারীদের উদ্দেশ করে নানা ‘কটূক্তি’ করেন।
এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমার পাশাপাশি কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত।
খবর পেয়ে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালে অনেকে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন।
এ বিষয়ে জানতে উভয়পক্ষের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।
ওসি রাকিবুল হাসান বলেন, “কি কারণে সংঘর্ষ হয়েছে তা বলতে পারব না। উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এদিকে সংঘর্ষের মধ্যে বিকালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেইসঙ্গে দ্রুত নতুন জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।



