শক্তিশালী মার্কিন ডলার এবং ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে বড় পতন হয়েছে। এতে এক সপ্তাহের ব্যবধানে আবারও উল্লেখযোগ্য দরপতনের দিকে এগোচ্ছে সুদ বা মুনাফা না দেওয়া মূল্যবান ধাতু সোনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে স্থির হয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বলেন, সোনার ব্যবসায়ীরা আপাতত অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভ এখনো কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।
তিনি বলেন, আগামী মাসগুলোতে সোনার দামের গতিপথ অনেকটাই ফেডারেল রিজার্ভের নীতির ওপর নির্ভর করবে। মার্কিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমবাজারে সম্ভাব্য দুর্বলতা কতটা সামাল দিতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে সোনার দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। সংঘাতের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং দীর্ঘ মেয়াদে সুদের হার উচ্চ থাকতে পারে এমন আশঙ্কাও সোনার দামে চাপ তৈরি করেছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও দরপতন দেখা গেছে। শনিবার রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৬৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। তিনটি ধাতুই চলতি সপ্তাহে লোকসানের মুখে রয়েছে।
দেশের বাজারে সোনার দাম
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
দেশের বাজারে রুপার দাম
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।



