আবুল হোসেন মজুমদার
দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে, —এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে চাঁদপুরে আয়োজিত হয়েছে র্্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১ জুন জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ, মেধাবী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। আর দুধ হলো এই পুষ্টির একটি অন্যতম ও নির্ভরযোগ্য উৎস। এটি শুধু শরীর গঠনের উপাদানই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
জেলা প্রশাসক আরও বলেন, প্রাণিসম্পদ খাত আমাদের দেশের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। পুষ্টি সরবরাহের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের বড় মাধ্যম হয়ে উঠছে। সরকার এ খাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে, যার সুফল গ্রামীণ খামারিরাও পাচ্ছেন।
তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, এই ধরনের সচেতনতামূলক আয়োজনে নতুন প্রজন্মের সম্পৃক্ততা অত্যন্ত ইতিবাচক। ছোটবেলা থেকেই যদি তারা পুষ্টির গুরুত্ব বোঝে, তবে ভবিষ্যতে আমরা সুস্থ, সবল ও সচেতন জাতি হিসেবে গড়ে উঠব।
চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মকবুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, খামারি, ভেটেরিনারি চিকিৎসক, প্রাণিসম্পদ সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় দুধের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারী স্কুল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।



