পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধীদল সরকারকে এত বেশি চাপে রাখছে যে, সরকার স্বাভাবিক কাজ করার সুযোগও পাচ্ছে না। আর এই সুযোগই নিচ্ছে ফ্যাসিবাদ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত ও বিরোধীদলকে উদ্দেশ্য করে পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ নতুনভাবে ফিরে আসার সুযোগ তৈরির ক্ষেত্রে জামায়াত ও বিরোধীদল দায়ী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা আজকে লংমার্চ করে, কী প্রয়োজন ছয় মাসের মাথায় লংমার্চ করতে হবে? এতদিন বলছে, আমরা আর লংমার্চ করব না, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। বিদ্যুৎ সংকটটা আমাদের সৃষ্ট না, আগের থেকে সৃষ্ট। এটা পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা বলেছেন যে, এ বিদ্যুৎ বিএনপি ইচ্ছে করলেও এখন সঙ্গে সঙ্গে দিতে পারবে না। গ্যাসটা এখন ঘরে ঘরে দিতে পারবে না। এটার জন্য সময় লাগবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভোটের সময় আমাদের মায়েদের কাছে গেছে, আমাদের মুরুব্বি এবং ইয়ং জেনারেশনকে পারে নাই। ঘরে গিয়ে পান-সাদা খাওয়ায় বলছে বেহেশতে দিব, জান্নাত দিব। আবার হাতের ভিতর একটা জিনিস ঢুকাই দিছে। এটা ভোটের শেষ এক সপ্তাহে বেশি করছে। আমাদের ক্ষতি করছে কিন্তু। ভবিষ্যতের জন্য আমরা খুব সতর্ক। আমরা সতর্ক ছিলাম না, বিধায় তারা বেশি জেগে ছিল। ওই সুযোগটা নিয়ে গেছে। এই সুযোগ ভবিষ্যতে দেওয়া যাবে না।
তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি মাত্র ছয় মাস হয়েছে। ছয় মাসের আগে ১৭ বছর ফ্যাসিস্টে অত্যাচার, নির্যাতন, গুম-খুন, লুটপাট, দুষ্কৃতায়ন, দুর্নীতি করেছে। এখন বলে ডিসেম্বর আসবে। এগুলো হলো মোবাইলফোনে। এগুলো এআই দিয়ে বানিয়ে, এ কথা বলার সুযোগটা, মোবাইলফোনে এগুলো আসার সুযোগটা কিন্তু বট বাহিনী করে দিয়েছে।
পৌর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান আলমগীর, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন প্রমুখ।



