যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, একটি থ্রি-পিস, চারটি কম্বল, দুটি শালচাদর, এক কেজি জিরা, নয় প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



