প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন ড. সেঁজুতি সাহা

 

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কাছ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ গ্রহণ করলেন চাঁদপুরের বংশোদ্ভুত অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা। গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

একই সাথে আরও তিন বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ৮ আগস্ট মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. সেঁজুতি সাহা বলেন, এই দিনটি অসাধারণ। এ দিনের কথা আমার আজীবন মনে থাকবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করছি। সামনে বসে ছিলেন মা, বাবা ও বর। এখন কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সর্বোচ্চ পাঁচ নারীকে এই পুরস্কার দেয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় নারী ফুটবল দল এবং চার বিশিষ্ট নারীকে এ বছরের পুরস্কারের জন্য নির্বাচিত করে। খেলাধুলার ক্ষেত্রে সাফ ফুটবল-২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দল ছাড়াও আরও চার নারী এই পদক লাভ করেন। তারা হলেন রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নাসিমা জামান ববি ও অনিমা মুক্তি গোমেজ এবং গবেষণায় ড. সেঁজুতি সাহা (মলিকুলার বায়োলজিস্ট)। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক বঙ্গমাতার জীবন ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং আলোচনায় অংশ নেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য দেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন। সারা দেশের ৪ হাজার ৫০০ দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ৩ হাজার দুস্থ নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। খবর বাসস।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930