ফরিদপুরে হঠাৎ করে বেড়ে গেছে হাম ও সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিতে এসেছেন।
স্বাস্থ্য বিভাগের ১০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় হামে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও এ পর্যন্ত জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন মোট ৮৫ জন হাম রোগী।
এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ২৭৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে ফিরেছেন। বৃহস্পতিবার নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ১২ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন।
ফরিদপুরের সার্বিক হাম পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হাম একটি ছোঁয়াচে রোগ হলেও সঠিক সময়ে চিকিৎসা ও প্রতিষেধক টিকা নিশ্চিত করা গেলে তা সহজেই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। শিশুদের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ দেখা গেলেই দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।



