ওল্ড ট্র্যাফোর্ডে গত রোববার ‘ম্যানচেস্টার ডার্বি’তে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ‘ভুল সিদ্ধান্তে’র ফসল। সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডের গোলটি বহাল রাখার সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়, সেটা রেফারিদের সংস্থা প্রফেশনাল গেম অফিশিয়ালস লিমিটেডের (প্রো রেফ) বিচারে ভুল। সে জন্য এ সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সেই ম্যাচের ভিএআর রেফারিকে দায়িত্ব দেওয়া হয়নি।
হল্যান্ডের গোলের বিল্ডআপের সময় সিটি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের অফসাইড পজিশন নিয়ে বিতর্ক তৈরি হয়। আর্জেন্টাইন তারকার ‘অবস্থানের কারণে খেলায় কী প্রভাব পড়তে পারে’, ভিএআর তা ‘অনুধাবন করতে ব্যর্থ হয়েছে’ বলে মনে প্রিমিয়ার লিগে রেফারিদের নিয়ন্ত্রণ সংস্থা ‘প্রো রেফ’। তাদের মতে, মাঠের রেফারিকে সিদ্ধান্ত পুনর্নিরীক্ষার (অনফিল্ড রিভিউ) পরামর্শ দেওয়া উচিত ছিল ভিএআর রেফারির।
কিন্তু ভিডিওতে মুহূর্তটি পর্যালোচনার পর সহকারী রেফারি ব্লেক অ্যানট্রোবাসকে সঙ্গে নিয়ে সিটির গোল বহাল রাখেন ভিএআর রেফারি ম্যাট ডোনহিউ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, এ ভুলের কারণে আন্তর্জাতিক বিরতির আগপর্যন্ত ভিএআর রেফারি ম্যাট ডোনহিউকে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব। সংবাদমাধ্যমটি আরও জানায়, গত তিন বছরের মধ্যে সবচেয়ে বাজে সপ্তাহ পার করার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) ভুলের কারণে আরও বেশি চাপের মুখে পড়েছে ‘প্রো রেফ’।



