জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ৬ আগষ্ট রবিবার সকাল থেকে ৪ ঘন্টা অভিযান চালিয়ে ইলিয়াস হোসেন (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করতে পারেনি ডুবুরীরা।
ইলিয়াসের বাড়ি চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর গ্রামে। তাঁর পিতার নাম নজরুল ইসলাম। ইলিয়াস ৬ মাস আগে বিয়ে করেছে।
এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রামিন মিয়া (২০) নামে ইলিয়াসের এক বন্ধুকে আটক করেছে। রামিন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার এলাকার নজরূল ইসলাম ভূইয়ার ছেলে। সে একজন কলেজ শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায় ইলিয়াস ও রামিন দু’জনই নেশাগ্রস্ত। রামিনের দেওয়া তথ্যমতে ৫ আগষ্ট শনিবার রাতে তাঁরা দু’জন নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে চরঅষ্টধর ইউনিয়নের টাঙ্গাইল্যাপাড়া গুচ্ছগ্রামে যায়। সেখানে গভীর রাত পর্যন্ত তাঁরা ইয়াবা সেবন করে।পরে নৌকা না পেয়ে ইলিয়াস ও রামিন সাতঁরে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় ইলিয়াস নদের পানিতে ডুবে যায়।
ইলিয়াসের বাবা নজরুল ইসলাম জানান আমার ছেলে পাঁকা সাঁতারু। সে কথনও পানিতে ডুবে মারা যেতে পারেনা। তাঁকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত গ্রীন বাংলা নিউজকে জানান রাতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। সকালে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ইলিয়াসের মরদেহ উদ্ধারের জন্য ৪ ঘন্টা অভিযান চালিয়েছে। কিন্তু নদে পানি ও স্রোত বেশি থাকায় তাঁরা উদ্ধার অভিযান বন্ধ করে চলে গেছে।
এব্যাপারে ইলিয়াসের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ইলিয়াসের বন্ধু রামিনকে আটক করা হয়েছে।



